পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ২১ ফেব্রুয়ারি না নিয়ে বাংলা পঞ্জিকা অনুযায়ী ৮ ফাল্গুন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
মাসুদ সাঈদী বলেন, “মহান শহীদ দিবসের মূল চেতনাটি হওয়া উচিত অন্যায়ের কাছে মাথা নত না করা। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি বাংলা ভাষার জন্য। মাতৃভাষা দিবস যেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন, সেখানে এখনও ২১ ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। আশা করি সরকার বিষয়টি ভেবে দেখবে।”
জেলা প্রশাসক আবু সাইদ সভার সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।


















