রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় ধাপে ধাপে আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষা শিক্ষায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়বে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী বলেন, ভাষা শিক্ষার ক্ষেত্রে সরকার নতুনভাবে গুরুত্ব দিচ্ছে। সবার আগে মাতৃভাষা বাংলা শেখার ওপর জোর দেওয়া হবে এবং ভাষা শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশ নতুনভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর সবাই স্বাধীনতার পরিবেশ অনুভব করছে। দেশ, জাতি ও ভাষার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে কুরাজনীতি করা উচিত নয়। দেশের স্বার্থ, ইতিহাস ও সংস্কৃতি রক্ষা করা সবার দায়িত্ব।


















