বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান গ্রহণযোগ্য হতে পারে না।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা হিসেবে ধারণ করতে হয়, তাহলে অন্য ভাষার স্লোগান ব্যবহার করা উচিত নয়। ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা এ ধরনের শব্দ বাংলার সঙ্গে সম্পর্কিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এসব শব্দ একসময় সেই ভাষা থেকে এসেছে যারা বাঙালির ভাষা কেড়ে নিতে চেয়েছিল।
তিনি বলেন, “আজকে দেখছি আমাদের তরুণদের মুখেও এসব শব্দ ব্যবহার হচ্ছে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা।”
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে সমাজ অনেক ক্ষেত্রে উল্টো দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, এসব কথা বললে অনেকেই তাকে ভারতের দালাল বলে আখ্যা দিতে পারেন, তারপরও তিনি সত্য কথা বলবেন। তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছিল এবং ভাষার ওপরও চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই শোষণের বিরুদ্ধে আন্দোলনই পরবর্তীতে বাঙালির স্বাধীনতার ভিত্তি তৈরি করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সচেতন না হলে সমাজ চরমপন্থার দিকে চলে যেতে পারে। নিজের ভাষাকে যথাযথভাবে জানার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “নিজের ভাষা ও দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না।”


















