বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট।
তবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী এক বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে আইন অনুযায়ী এই আসনের নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফলে আজ এই আসনে ভোট হচ্ছে না। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনও সংসদীয় আসনে ভোটগ্রহণের আগে বৈধ প্রার্থীর মৃত্যু হলে আইন অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (পিআরও) অনুযায়ী, কোনও বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন এবং নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। নতুন তফসিল অনুযায়ী, আগে যারা বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন, তাদের পুনরায় মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন হবে না। তবে নতুন কোনও যোগ্য ব্যক্তি নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন- বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম।


















