ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সকাল ৭টা ৩৭ মিনিটে জানান, জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় ওই আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্বও। ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ উল্লেখ করে তিনি সবাইকে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। নিরাপত্তায় প্রথমবারের মতো ইউএভি (ড্রোন) ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
নির্বাচনী দায়িত্বে রয়েছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। তাদের মধ্যে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৫ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। এছাড়া ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সর্বোচ্চ গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)। সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১২ আসনে (১৫ জন), আর সবচেয়ে কম পিরোজপুর-১ আসনে (২ জন)।
এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)। বিএনপি সর্বাধিক ২৯১ জন প্রার্থী দিয়েছে। নিবন্ধিত ১০টি দল কোনো প্রার্থী দেয়নি।
পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী (ওসিভি) ও দেশের অভ্যন্তরের (আইসিপিভি) মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে গতকাল বিকেল পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোট দিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণে দেশি ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।


















