ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। এর আগে রোববার ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
এ সংক্রান্ত একটি চিঠি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সইয়ে সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে শুধুমাত্র ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এর বাইরে কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।


















