সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই ফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আজ রবিবার অথবা আগামীকাল সোমবারের মধ্যেই যেকোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।
এর আগে শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ফল প্রকাশের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। তবে এ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা শেষে নির্দিষ্ট তারিখ জানা যাবে বলে তিনি জানান। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে আজ না হলেও আগামীকাল বা পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পাশাপাশি জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


















