জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালনকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।
এক পর্যায়ে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষের মধ্যে আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে একাধিক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত প্রতিবেদন লেখা সময়েও আন্দোলনকারীদের কর্মসূচি চলমান ছিল।


















