শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে মো. সাফিকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ফৌজদারি অভিযোগে কারাবন্দি থাকায় মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে (বিমান ও সিএ) এমডি ও সিইও পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। নিজ দায়িত্বের পাশাপাশি তিনি এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে রোববার রাত আনুমানিক ৩টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মো. সাফিকুর রহমান, তার স্ত্রী ও দুই কাজের মেয়েকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।


















