ক্যান্টনমেন্ট এলাকায় সেনা সদস্যদের সঙ্গে বিরোধপূর্ণ আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। নাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘পারসোনা নন গ্রেটা’ (পিএনজি) ঘোষণা করার দাবি জানানো হয়েছে।
সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.) সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তাকর্মীরা বাধা দিলে সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের বক্তব্য, এ ধরনের আচরণ সামরিক বাহিনীর মর্যাদা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, “রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার অধিকার দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়, বরং এটি একটি সংবেদনশীল নিরাপত্তা এলাকা। যদি প্রার্থী আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চান এবং ভবিষ্যতে এমন আচরণ বন্ধের অঙ্গীকার না করেন, তবে তাকে ক্যান্টনমেন্টে পারসোনা নন গ্রেটা ঘোষণা করার দাবি জানানো হচ্ছে।”
এর আগে দুপুরে ভাইরাল হওয়া ভিডিওতে সেনা সদস্যদের সঙ্গে তর্কের ঘটনায় ডা. খালিদুজ্জামান ফেসবুকে দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ ও ‘নিষ্পত্তি হওয়া ইস্যু’ বলে দাবি করেছিলেন। তবে তার সেই প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন কঠোর বিবৃতি দিয়েছে।


















