দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় আজ ভোররাতে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন হয়। রিখটার স্কেলে ৪.১ মাত্রার এই ভূমিকম্পটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১৭৫ কিলোমিটার।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার।
গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা সেভাবে অনুভূত না হলেও হঠাৎ এই কাঁপুনিতে স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


















