সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভা আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা।
তাঁরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ।
সংবাদ সম্মেলনে শোকসভার সার্বিক প্রস্তুতি ও নিয়মাবলি তুলে ধরেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি জানান, শোকসভায় বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলোকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাঁরা দর্শকসারিতে অবস্থান করবেন।
শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজকেরা কঠোর নিয়ম আরোপ করেছেন। এ শোকসভায় সেলফি তোলা, হাততালি দেওয়া ও দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ। পাশাপাশি আমন্ত্রণপত্র ছাড়া কারও প্রবেশের সুযোগ থাকবে না।


















