আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই মহিমান্বিত রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন।
ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ হুকুমে তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের অনন্য সম্মান লাভ করেন। এই অলৌকিক সফরই ‘মেরাজ’ নামে পরিচিত।
মেরাজের রাতে মহানবী (সা.) সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ আল্লাহর অসংখ্য নিদর্শন পরিদর্শন করেন এবং এ সময়ই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
এই মহান ঘটনার স্মরণে শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।


















