কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আফনান (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে।
আফনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা তেচ্ছিব্রিজ এলাকায় কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, “মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের সময় ছোড়া গুলি এপারে এসে লাগলে এক শিশু নিহত হয়েছে।”
সড়ক অবরোধ প্রসঙ্গে তিনি জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, গত দুই থেকে তিন দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এর জেরে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


















