পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে। এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
ইসির পক্ষ থেকে বলা হয়, পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে এ সংক্রান্ত যেসব সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলো বিভ্রান্তিকর ও ভুল। এ ধরনের সংবাদ প্রত্যাহার কিংবা প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ আপিল বিভাগ স্থগিত করেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাতে কয়েকটি গণমাধ্যমে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়।
তবে পরে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘নির্বাচন স্থগিত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এই দুই আসনের নির্বাচনি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’
ইসি আরও জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভোট আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত পরিবর্তন হয়নি।


















