ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানী ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে এই কম্পনের তথ্য প্রকাশ করেছে।
তবে তাৎক্ষণিকভাবে এর মাত্রা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
কেন্দ্র জানায়, এটি ছিল একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সাভারের বাইপাইল এলাকা। বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ। শনিবার সকালেই অনুভূত হওয়া এ কম্পনের আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন ছিলেন। ২৪ ঘণ্টা না যেতেই রাজধানী ও আশপাশের এলাকায় একের পর এক ভূমিকম্পে জনমনে উদ্বেগ বাড়ছে।


















