ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ীতে এক স্কুলশিক্ষিকার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীর টানে রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন ওই শিক্ষিকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ধনবাড়ী বাজার-তালতলা সড়কের চালাষ দাইরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষিকা আরতী রাণী দাস ধনবাড়ীর সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক। তিনি জানান, স্কুলের কাজ শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তালতলার কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা এক যুবক তার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগে সজোরে টান দেন। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে ডান কনুই ও ডান পায়ে প্রচণ্ড আঘাত পান।
তিনি আরও জানান, ছিনতাই হওয়া ব্যাগে নগদ ২ হাজার ৫০০ টাকা, জাতীয় পরিচয়পত্র, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, চশমা, ডায়েরি ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
এ ঘটনায় শিক্ষিকার স্বামী দীপক ভদ্র ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর সড়কটির কিছু অংশ নির্জন থাকায় সেখানে প্রায়ই ছিনতাইয়ের আশঙ্কা থাকে। দ্রুত ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


















