টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী এলেঙ্গা জমিদার বাড়ি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘শাওনের ডালা’ মেলা শুরু হয়েছে। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) এলেঙ্গা জমিদার বাড়ি অঙ্গনে সাধনা, ব্রতী ও জাতীয় জাদুঘরের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়।
লুবনা মরিয়ম গবেষণা ও গ্রামীণ সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা লুবনা মরিয়মের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূত ড. দেবপ্রিয় ভট্টাচার্য, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এলেঙ্গা শাখার ম্যানেজার প্রবাল কমল ভট্টাচার্য মানিক, জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘শাওনের ডালা’র ইনচার্জ লাবণ্য সুলতানা। মেলায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরে মোট ২০টি স্টল অংশ নিয়েছে। দুই দিনব্যাপী এ মেলায় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন আয়োজন থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, দেশের লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ মেলার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।


















