টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওটি মঙ্গলবার (২৮ জুলাই) ফেসবুকে ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন ধরনের মদ নিয়ে আলোচনা করছেন।
একপর্যায়ে তিনি মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে একজনের হাতে দেন। ভিডিওটি শেয়ার করে অনেকেই দাবি করছেন, ওই টাকা মদ কেনার জন্য দেওয়া হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, তার সরকারি বাসভবনে মাদক সেবনের অভিযোগও উঠেছে। এছাড়া টাঙ্গাইল পৌরসভার কয়েকজন ঠিকাদারের কাছ থেকে কাজ না করেই বিল পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী দাবি করেন, একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার এমন কর্মকাণ্ডের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টি তদন্ত হওয়া উচিত।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, বিষয়টি নিয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

















