আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের থেকে ১ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এর আগে ভোর রাতে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড ও নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকা তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার ইয়ারপুর এলাকার মৃত লক্ষী মন্ডল ওরফে লক্ষণ সরকারের ছেলে বিদ্যুৎ সরকার (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বালোবাড়ী এলাকার মৃত বরকত আলীর ছেলে ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৪০), এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার চর মাছুয়া এলাকার হারুন অর রশিদের ছেলে আরিফ হোসেন রাজু (২৬)।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট ডিউটি চলাকালে পেশাদার মাদক ব্যবসায়ী ইউসুফ আলী ও তার স্ত্রী শিল্পী বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ । এ সময় ২০ লিটার চোলাই মদসহ আরিফ হোসেন রাজু নামের আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপরে ভোর রাত পৌণে ৫টার দিকে আশুলিয়া থানাধীন নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী বিদ্যুৎ সরকারকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের নামে ৫টি করে মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

















