ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী সি-১৩০জে সামরিক পরিবহন বিমান বাংলাদেশ সীমান্তঘেঁষা আসাম রাজ্যের মোরানে জাতীয় মহাসড়কে অবতরণ করেছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক-কাম রানওয়ে বা জরুরি অবতরণ সুবিধা (ইএলএফ) বিশেষভাবে জরুরি পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ সুবিধা (ইএলএফ)-এ সি-১৩০জে বিমানে করে অবতরণ করেন মোদি। রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক দিনের সফরের সূচনায় তিনি এই সামরিক বিমানে মোরানে পৌঁছান। অবতরণের পর প্রায় ৪০ মিনিট ধরে বিমান প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী। এতে তেজস, সুখোই ও রাফালসহ বিভিন্ন যুদ্ধবিমান অংশ নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোরান ইএলএফের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ডিব্রুগড় থেকে বাংলাদেশের সিলেট সীমান্তের দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার, রংপুর সীমান্ত প্রায় ৭০০ কিলোমিটার এবং চীনের সীমান্ত প্রায় ৪৫০ কিলোমিটার।
জরুরি পরিস্থিতিতে ডিব্রুগড় বিমানবন্দর বা চাবুয়া বিমানঘাঁটি ব্যবহার সম্ভব না হলে এই সড়ক-কাম-রানওয়ে বিকল্প অবতরণ সুবিধা হিসেবে কাজে লাগানো যাবে।


















