আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন নেওয়া যাবে না। এ নিষেধাজ্ঞার আওতায় সাধারণ ভোটারের পাশাপাশি সাংবাদিকরাও থাকবেন।
ইসির এ সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের বিধান পরিবর্তন না হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। ইসি কোন জায়গা থেকে এই বিধি-বিধান বের করছে, আমরা জানি না। কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে, সেটাও জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা হুঁশিয়ারি দিচ্ছি—আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন করতে হবে। অন্যথায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরা এতদিন সব সহ্য করেছি। কিন্তু নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে এসে ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করা এবং জনগণের তথ্য জানার অধিকার খর্ব করার মতো কোনো আইন করা হলে তা মেনে নেওয়া হবে না।”
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “এতদিন যা করার করেছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে এই নির্বাচন কমিশনকে।”


















