আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে এই ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে দলটি।
এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা দেশবাসীর সামনে তুলে ধরতেই নাহিদ ইসলামের এই ভাষণের পরিকল্পনা করা হয়েছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলামের এই বার্তা ভোটারদের মধ্যে বিশেষ সাড়া ফেলবে বলে মনে করছে দলটি।
“আমরা আজ আবেদন দাখিল করেছি। নির্বাচন কমিশন এখনো ভাষণের জন্য নির্দিষ্ট সময় বা স্লট বরাদ্দ দেয়নি। তবে আমরা আশা করছি, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ইসি দ্রুতই এই স্লট বরাদ্দ দেবে।”
উল্লেখ্য যে, এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি পৃথকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচন কমিশন ইতোমধ্যে বিএনপি প্রধানের ভাষণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভি কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১২ ফেব্রুয়ারির ভোটের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে শীর্ষ নেতাদের এই উপস্থিতি সাধারণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের শক্তির কাছে নাহিদ ইসলামের সম্ভাব্য এই ভাষণটি বিশেষ গুরুত্ব বহন করবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আচরণ বিধিমালা অনুযায়ী আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য ভাষণের স্লট বরাদ্দ দেওয়া হচ্ছে।


















