টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের বিলছায়া গ্রামে যৌতুকের দাবি সইতে না পেরে আশা (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত আশা ওই গ্রামের গার্মেন্টস কর্মী আমিনুর তালুকদারের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাস তিনেক আগে সল্লা চরপাড়া এলাকার ওমান প্রবাসী মোমিন (২৪) ছুটিতে থাকাকালীন আশার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এবং পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর দুই মাস সংসার স্বাভাবিকভাবে চললেও মোমিন পুনরায় ওমানে ফিরে যাওয়ার পর থেকেই কলহের সূত্রপাত হয়।
অভিযোগ রয়েছে, বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে মোমিন তার স্ত্রীর কাছে ৬ লক্ষ টাকা যৌতুক দাবি করেন এবং এটি আদায়ে নিয়মিত মানসিক চাপ প্রয়োগ করতে থাকেন। দরিদ্র বাবার পক্ষে এত বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব ছিল না বলে আশা মানসিকভাবে ভেঙে পড়েন। এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানায় তার পরিবার।
গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে যখন আশার মা অসুস্থতার কারণে বোনের বাড়িতে ছিলেন, সেই সুযোগে বাড়িতে কেউ না থাকার সময় পুনরায় ভিডিও কলে যৌতুকের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে অভিমানে আশা নিজের ওড়না দিয়ে ঘরের ধর্নার সঙ্গে গলায় ফাঁস দেন।
দীর্ঘ সময় আশার কোনো সাড়া না পেয়ে তার চাচি খোঁজাখুঁজি শুরু করেন এবং বন্ধ জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















