চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম হোসেন ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ইমাম হোসেন ছাড়াও হৃদয় (২৫) ও রানা (২৭) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামের পুকুরপাড় সংলগ্ন বাগানে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন। তদন্তে যদি ঘটনার সাথে দলীয় পদের কারও জড়িত থাকার সত্যতা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি দুই আসামি হৃদয় ও রানাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















