যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নথি প্রকাশ করার পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে।
প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার দলিল, ১ লাখ ৮০ হাজার ছবি এবং দুই হাজার ভিডিওর মধ্যে উঠে এসেছে বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম। তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম থাকা। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭ সালে মোদির ইসরায়েল সফর নিয়ে এপস্টেইনের কিছু ইমেইলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
নথি অনুযায়ী, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য নরেন্দ্র মোদি স্বয়ং এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন বলে দাবি করা হয়েছে। এপস্টেইন তার ইমেইলে উল্লেখ করেন যে, তিনিই মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন এবং জানিয়েছিলেন এই পদক্ষেপ ট্রাম্পকে সন্তুষ্ট করবে। এমনকি সেই সফরে গিয়ে মোদি নাচ-গান করেছিলেন বলেও ইমেইলে দাবি করেছেন এপস্টেইন।
এসব তথ্য সামনে আসার পর থেকেই ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। তবে ভারত সরকার এই পুরো বিষয়টিকেই কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, নিন্দনীয় এবং বিশ্বাসযোগ্যতাহীন বলে অভিহিত করেছেন। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে প্রচারিত এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং সাধারণ মানুষের এসব বিভ্রান্তিকর তথ্য বর্জন করা উচিত।


















