টাঙ্গাইল জেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি)-তে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন মাসুম (১৯) নামে এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফায়ারিং প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গুলি তার বুকে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়।
আহত মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বাসিন্দা এবং বকুল মিয়ার ছেলে।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ রেফার্ড করেন। সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহত ট্রেইনি কনস্টেবল ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, পুলিশে যোগদানের পর মাসুম প্রশিক্ষণরত ছিলেন। সোমবার সকালে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন। সবকিছু ঠিক থাকলে ফায়ারিং প্রশিক্ষণ শেষ করে আগামী ৩ ফেব্রুয়ারি তার ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।


















