পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা দেখায় এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেনি।
বরং তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি দুই উপজেলা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তলব করা হলেও তিনি সাড়া দেননি বলে দলীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের দলীয় সিদ্ধান্ত অমান্য না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এবিষয়টি নিয়ে বিএনপির এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী কৌশলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। হাসান মামুনের বিরুদ্ধেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,‘যে দলের নেতা বহিষ্কৃত হন, সেখানে কর্মীরাও বহিষ্কৃত হবেন—এটাই স্বাভাবিক। বরং তারা দেরি করেছে। আমাদের অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই; আমরা হাসান মামুনের সঙ্গেই আছি।’
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন,
‘গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়টি আমরা অবগত। আমরা এ সংক্রান্ত কাগজপত্র পেয়েছি।’


















