গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী ভূমি দখলকারীদের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রবিউল সরদারের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে গত ৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নে। হামলার সময় বাবুল সরদারের বড় ছেলে রবিউল সরদার ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বাবুল সরদার ও তার তিন ছেলে নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। অভিযুক্তরা এলাকার চিহ্নিত লাঠিয়াল, দাঙ্গাবাজ ও ভূমিদস্যু। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়েছে, তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক বাবুল সরদারের জমি দখল করে ভোগ করে আসছিল এবং সম্প্রতি বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে।
এই ঘটনায় মৃত ইনসার উদ্দিন সরদারের ছেলে বাবলু সরদার (৬৫) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের মধ্যে হিংগুল সরদারের ছেলে মো. শওকত সরদার, মনিরুল সরদার, শওকত সরদারের ছেলে নাজমুল সরদার, পিং কুটটি সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার এবং বাইজিদ সরদারসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী বাবুল সরদার বলেন, “আমার ও আমার সন্তানদের ওপর যারা হামলা করেছে তারা এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী। আজ তারা আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে এবং আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


















