মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
গণঅধিকার ও ন্যায়ের দাবিতে আত্মোৎসর্গকারী শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে কুড়িগ্রামে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির লালমনিরহাট সেক্টরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
বক্তারা শহীদ আবু সাঈদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই দিবস আমাদেরকে গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক ন্যায়বিচারের প্রশ্নে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।”
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও ধর্মীয় স্থানে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।


















