মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলে গাছ কাটার সময় করাতের আঘাতে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা এবং আয়নালের স’মিলে মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছ কাটার সময় অসাবধানতাবশত করাতে কাটা পড়ে শুকুর আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, করাতের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















