ইমাম হাসান সোহান, ধনবাড়ী ( টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শনিবার (১৪ জুন) ছয় ঘন্টার ব্যবধানে পুকুরে পড়ে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।
সকাল আটটা থেকে নয়টার মধ্যে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে বাড়ির পাশে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যুর শোক কেটে না উঠতেই বিকেল তিনটার দিকে ধনবাড়ীরর বীততারা ইউনিয়নের কদমতলীর চরপাড়া গ্রামের ফারুক হোসেন এর শিশুপুত্র আবদুল্লাহ (০২) বাড়ির পাশে পুকুরে পড়ে মৃত্যু বরণ করেছে।
ছয় ঘন্টার ব্যবধানে ধনবাড়ীতে তিন শিশুর মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । ধনবাড়ী থানার তদন্ত ওসি মীর মোহাম্মদ সেলিম বলেন, ” একদিনে ধনবাড়ী উপজেলায় তিন শিশুর মৃত্যু বরণ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এই সময় অত্যাধিক গরমের জন্য বাড়ির শিশুরা একটু ঠান্ডার জন্য পুকুর বা জলাশয়ের কাছাকাছি চলে যায়। তাই এই সময় শিশুদের প্রতি সতর্কতা অবলম্বন করে দৃষ্টি রাখতে হবে। পারিবারিক সচেতনতাই পারে শিশুদের এইসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতে “।


















