মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব জামাতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
ফুলবাড়ী: উপজেলার জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় ৭০-৮০ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম। চিলমারী: অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।
রৌমারী: শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ৮৭ জন পুরুষ ও ১৫ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন। ইমামতি করেন মাওলানা হিজবুল্লাহ।
রাজিবপুর: করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার মাঠে ৭০-৮০ জন নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন মাওলানা আব্দুল হাকিম। ভূরুঙ্গামারী: পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এসব জামাতে অংশগ্রহণকারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করে থাকেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।


















