মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে ঋনদাতার চাপ ও টাকা পরিশোধে ব্যর্থতার কারনে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছে।
সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাদশ মিয়া জেলার ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে। তিনি উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী)। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু।
স্থানীয়রা জানান, বাদশা মিয়া ব্যাংক ঋনসহ প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ঋন হয়েছে। ঋনদাতার চাপ ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দিশাহারা হয়ে পারেন। এনিয়ে তার পরিবারের মাঝেও দেখা দিয়েছে অশান্তি। এতো টাকা পরিশোধে ব্যর্থতার কারণে মানসিক ভেঙ্গে পড়েন তিনি। ঋনের চাপ থেকে মুক্তি পেতে পরিবারের অজান্তে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সবার অজান্তে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন বাদশা মিয়া। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান সেখানে তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম চতুর্থ শ্রেণী কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


















