ইমাম হাসান সোহান, ধনবাড়ী সংবাদদাতা :
মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ (অধ্যাদেশ) – ১৯৮২ মোতাবেক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৮ মে) ধনবাড়ী পৌরসভার রুপশান্তিতে ঢাকা -জামালপুর মহাসড়কে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর গেইট এর পশ্চিম পাশে অবস্থিত “ধনবাড়ী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে । সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান।
এসময় তিনি “ধনবাড়ী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” এর কর্তৃপক্ষের নিকট লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কর্তৃপক্ষ কোন রকম কাগজপত্র দেখাতে পারেন নাই। পরে “ধনবাড়ী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ” কে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয় এবং দ্রুত সময়ে কাগজপত্র তৈরি করে তারপর প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশ দেন।
এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন, ” ধনবাড়ী উপজেলার ক্লিনিক ও ল্যাবরেটরি গুলোতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা অব্যাহত থাকবে ।
স্বাস্থ্য খাত নিয়ে কেউ যেন অবৈধ ভাবে বাণিজ্য করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে যাচ্ছি । প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করে যাচ্ছি, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অবৈধ ক্লিনিক ও ল্যাবরেটরি গুলো বাজেয়াপ্ত করা হবে এবং পরিচালনাকারীদের জেল দেওয়া হতে পারে “।


















