মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
বিশ্বনবী (সা.)কে কটুক্তিকারী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বোতলারপাড় গ্রামের বাসিন্দা সোমবারুকে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ এপ্রিল) গ্রেফতার যুবককে আদালতে পাঠিয়ে ৫দিনের রিমান্ড আবেদন করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
আটক কটুক্তিকারী সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু (৫০) রাজারহাট উপজেলা সদরের ছাটমল্লিকবেগ বোতলারপাড় গ্রামের মৃত-রামকান্ত বর্মনের পুত্র।
জানাযায়, শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি হাটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি মূলক ও আপত্তিকর মন্তব্য করে বিক্ষুব্ধ জনতার রোষানলে পরেন সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু। এসময় সে কৌশলে পালিয়ে বাঁচলেও সন্ধ্যার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি এড়িয়ে পরে।
রাতে সোমবারুর বাড়ির এলাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেন মুসলিম জনতা। খবর পেয়ে রাতেই ডিবি পুলিশ, রাজারহাট থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করেন। এসময় পুলিশ সোমবারুর বাড়িতে অভিযান পরিচালনা করলেও সে গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ। পরে রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ, রাজারহাট থানা এবং মিঠাপুকুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে সোমবারুকে রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করেন।
এবিষয়ে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মজনুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বোতলারপাড় এলাকায় রাতভর পুলিশি টহল জোরদার রাখা হয়েছিল। সোমবারু গ্রেফতারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান সোমবারুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তার ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন।

















