মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
রোববার (২০ এপ্রিল) রাত ৮টায় জেলার রৌমারী উপজেলার নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা রৌমারী সরকারি কলেজ মাঠ সমাবেত হয়। এ সময় সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপর গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামের এক যুবক। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, হামলার ঘটনায় আটক আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


















