মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
এসো হে বৈশাখ এসো এসো”— চিরচেনা এই আহ্বানে সাড়া দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আজ সোমবার (১৪ এপ্রিল) জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙ্গিন পোশাকে ঢাক-ঢোল বাজিয়ে সুরের মূর্ছনায় জেগে ওঠে নতূন বর্ষবরণের আহ্বান।
জেলা প্রশাসন, প্রচ্ছদ, হিজিবিজি, সরকারি কলেজ, স্কুল, উদীচী, এনসিটিএফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় ঢাক-ঢোলের তালে শোভাযাত্রা হয়ে ওঠে এক বর্ণিল উৎসবে।
জেলার ঐতিহ্য গরুর গাড়ি, পুতুল নাচ, কৃষকদের নানা কথা উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। কুড়িগ্রাম ইকোপার্কে পুতুল নাচ পাঁচগাছির ভেলুর বাজারে ঘোড়া খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে ভূরুঙ্গামারী উপজেলা চত্বরে আয়োজন করা হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা। পাশাপাশি বসে গ্রামীণ মেলা—যেখানে ছিল পিঠা-পুলি, হস্তশিল্প, বিভিন্ন খেলাধুলা এবং শিশুদের জন্য বিশেষ বিনোদনের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই আয়োজন আমাদের সংস্কৃতিকে ধারণ ও চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ।”
বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নিয়ে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হয়ে উঠে বর্ষবরণের মিলন মেলা। উপজেলা প্রশাসক, স্থানীয় রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে সজ্জিত হয়ে উঠে। উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছাত্র-ছাত্রীরাদের অংশ গ্রহণে নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনা করা হয়।
এছাড়া রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি প্রদর্শিত হয়। উপজেলা শিশু পার্ক থেকে র্যালিটি রাজারহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামন দিয়ে শিশু পার্কে মিলিত হয়।
র্যালিতে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হক, অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অংশগ্রহন করেন।


















