মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্র সাজিম ইসলাম (১৩) নাগেশ্বরী উপজেলা বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতির ছেলে।
আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদে নিখোঁজ হয় সাজিম।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসার ছাত্র সাজিমসহ তিন-চারজন বন্ধু মিলে দুধকুমার নদে গোসল করতে নামে। এসময় সাতরে পশ্চিম তীরে আাসার সময় সাজিম তলিয়ে যায়। তার সঙ্গীদের চিৎকারে আশপাশের লোকজন এসে নদীতে খোঁজ করতে থাকে। পরে বিকেলে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি বলেন, সাজিমের সঙ্গে গোসল করতে আসা একজন ফোনে নিখোঁজের বিষয়টি জানায়। তখন থেকেই ছেলেকে ফিরে পাওয়ার আশায় নদের কিনারে আছি।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্য সাইফুল ইসলাম জানান, আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। তারা এসে উদ্ধার কাজ শুর করেছে।


















