মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় কুড়িগ্রামে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।
আটক রফিকুল ইসলাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
গতকাল সোমবার (১০ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১৮০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।


















