বাংলা ভয়েস ডেস্ক :
টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গোয়াল থেকে তিনটি গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত শনিবার (১লা মার্চ) দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকার আতিকুর রহমান খান রুবেল, ফজলু খান ও গফুর খানের গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। পরে সাহরির সময় বিষয়টি টের পান গরুর মালিকরা।
গতকাল রবিবার (২ মার্চ) সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গরুর ভুঁড়ি ও হাড়গোড় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরুর রশি দেখে মালিকরা শনাক্ত করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গরুর মালিকরা।
তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।
এ বিষয় বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















