বাংলা ভয়েস ডেস্ক :
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে একসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মেরাজ হোসেনের অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
গত ৩০ জানুয়ারি ঘোষিত ৩৩৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে মেরাজ হোসেনকে যুগ্ম সদস্যসচিব করা হয়। তবে তার অতীত ছাত্রলীগ সংশ্লিষ্টতার কারণে সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।
মেরাজ হোসেন আগে বগুড়া জেলা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন এবং দীর্ঘদিন সান্তাহার সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তিনি কৌশলে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হন বলে অভিযোগ উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহমুদুল হাসান জানিয়েছেন, মেরাজের ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


















