বাংলা ভয়েস ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে দগ্ধ হয়ে জিসান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্বজনরা বলেন, বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে শরিফ মিয়া তার স্ত্রী ও ছেলে জিসানসহ পাঁচজন নিজেদের গাড়িতে চড়ে নরদিংদী জেলায় আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে তারা গাড়িতে গ্যাস নেয়ার জন্য কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু ফিলিং স্টেশনে যান। সেখানে শিশু জিসানকে ভেতরে রেখে মা-বাবাসহ অন্যরা গাড়ি থেকে নেমে পড়েন। গ্যাস নেয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এ সময় সবাই গাড়ির দিকে ছুটে গেলেও ততক্ষণে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে শিশু জিসান ঘটনাস্থলেই মারা যায়।
সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহত জিসানের স্বজনদের। পরে স্বজনরা এসে সিএনজি স্টেশনে ভাঙচুর করলে কর্মকর্তা ও কর্মচারীরা সবাই পালিয়ে যান।
নিহত জিসানের বাবা শরিফ মিয়া জানান, গাড়িতে গ্যাস নেয়ার সময় লিকেজ দেখে তিনি সিএনজি স্টেশনের কর্মীদের জানিয়েছিলেন। তারা গুরুত্ব না দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে এবং তার শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জিসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, প্রাইভেটকারে আগুনে পুড়ে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















